খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মুন্সীগ‌ঞ্জে কবরস্থানের পুকুরে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় হামলার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
মুন্সীগ‌ঞ্জে কবরস্থানের পুকুরে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় হামলার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বাংলাবাজার এলাকায় অবস্থিত চর বানিয়াল কেন্দ্রীয় কবরস্থানের পুকুর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় কবরস্থান দেখাশোনার দায়িত্বে থাকা অলিউল্লাহ মাঝির ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয়দের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে চর বানিয়াল কেন্দ্রীয় কবরস্থান। সম্প্রতি কবরস্থানের পুকুর থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি উত্তোলন শুরু হলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

কবরস্থান দেখভালের দায়িত্বে থাকা অলিউল্লাহ মাঝি জানান, মঙ্গলবার (২৬ মে) দুপুরে তিনি কবরস্থানে গিয়ে মাটি কাটার কাজে বাধা দেন। এ সময় খোরশেদ মাঝির নেতৃত্বে কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।

তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়। একপর্যায়ে তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

অলিউল্লাহ মাঝি বলেন, কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য আমি মাটি কাটতে বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার ওপর হামলা চালায়। আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, কবরস্থানের পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ধর্মীয় স্থানের সম্পদ নষ্ট করে মাটি উত্তোলনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত খোরশেদ মাঝি। তিনি দাবি করেন, অলিউল্লাহকে মারধরের ঘটনা সত্য নয়। কথা কাটাকাটির একপর্যায়ে শুধু ধাক্কাধাক্কি হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তদন্ত সজিব দে বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস