খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সরকার গঠনের মাত্র পাঁচ মাস, বৃহৎ উন্নয়নে সময় লাগবে : সাঈদ আল নোমান

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
সরকার গঠনের মাত্র পাঁচ মাস, বৃহৎ উন্নয়নে সময় লাগবে : সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান বলেছেন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তবে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

গতকাল বিকেলে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের উত্তর সরাইপাড়া কাজীর দীঘি পাড়ে হাজী আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। সরকার গঠনের মাত্র পাঁচ মাস হয়েছে। উন্নয়নের গতি ধাপে ধাপে দৃশ্যমান হবে।

তবে মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম এখনই চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। এজন্য পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাও। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদের সভাপতিত্বে ও সাবেক ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম ভুঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, নাজিম উদ্দিন, রাজ্জাক খান, হারুন, হারুন পাটোয়ারী, আবদুর রশিদ, মঞ্জুর আলম, ফজলুল হক মাসুদ, মোমিন চৌধুরী, সোহেল, মো. সাহেদ, মো. রায়হান, দেলোয়ার হোসেন ভোলা সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।