খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভালুকায় সরকারি উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
ভালুকায় সরকারি উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি

ময়মনসিংহের ভালুকায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে ধারাবাহিকভাবে চারটি সরকারি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে কর্মসূচির পাশাপাশি সমাজকল্যাণ সংস্থার অনুদান বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সহায়তা প্রদান এবং বিদেশগামী নারী কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

দিনের শুরুতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং কয়েকজন স্কুলশিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিআরডিবির প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশ নেন।

পরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন।

এরপর নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলা পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বালিকা দলকে সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও ডিজিটাল হাজিরা মেশিন বিতরণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের বাগান তৈরির জন্য নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম।

সবশেষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে জর্ডানগামী নারী পোশাক শ্রমিকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়েসেলের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. শওকত আলী।

প্রতিটি কর্মসূচিতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। আর জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।