গোদাগাড়ীতে ৪০ বোতল ফেয়ারডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০ বোতল কোডিনযুক্ত নিষিদ্ধ মাদক ফেয়ারডিল (FAIRDYL) সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট, ২০২৬) সকাল ৮টার দিকে গোদাগাড়ী থানাধীন ফরাদপুর বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর পরিদর্শক রাজু আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে ফরাদপুর বাইপাস (চাপড়া) এলাকায় ‘নাইস ইট ভাটা’র পাশে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ওপর অভিযান চালায়।
অভিযানে গ্রেফতারকৃত হলেন- মোসাঃ শাবানা বেগম (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তেলকুপি লালদাপাড়া গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের মেয়ে এবং মোঃ আব্দুল মান্নানের স্ত্রী।
বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, তল্লাশিকালে তার পরিহিত বোরকার নিচে কাপড়ের তৈরি বিশেষ জ্যাকেটের (লিমা) ভেতর লুকানো অবস্থায় ৪০ বোতল অবৈধ কোডিনযুক্ত মাদক FAIRDYL উদ্ধার করা হয়। প্রতি বোতলে ১০০ মিলি করে মোট ৪ লিটার মাদক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন