রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৬ পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ৫ আগস্ট ২০২৬,বুধবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সিনেট হলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার লেখা ইমেইলে জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ আগস্ট।
পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। এরপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থী,জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাকিব আনজুমসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মোঃসাদি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বাধীনতা ও ন্যায়বিচারের চেতনা নিয়ে আলোচনা করেন। তারা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃমোঃখাদেমুল ইসলাম মোল্যা। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ডঃমোঃহাবিবুল্লাহ, রেজিস্ট্রার লেঃকর্নেল খালেদ বিন ইউসুফ (অবঃ), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ,শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

আপনার মতামত লিখুন