রাজশাহী থেকে জাপানে যাচ্ছে দক্ষ জনশক্তি, আসছে,জাপানি বিনিয়োগ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় জাপানি প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।
মতবিনিময় সভায় রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন খাতে নিয়োগ, ম্যাংগো প্রক্রিয়াজাতকরণ,কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা,জাপানি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন,তথ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রাজশাহী সিটির সঙ্গে জাপানের কোনো শহরের সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
সভায় রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ও প্রচলিত আইন-বিধি অনুসরণ করে জাপানের সঙ্গে কাজ করতে আগ্রহী রাসিক।
এসময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,রাজশাহী একটি সম্ভাবনাময় নগরী। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের ক্ষেত্রে এ অঞ্চলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জাপানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীতে বিনিয়োগ,কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে এ অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
জাপানের প্রতিনিধি দলে ছিলেন – জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো,জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি,ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং ওকায়ামা বিজনেস কলেজ ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মোঃজিয়াউল করিম। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃরেজাউল করিম, সচিব সোহেল রানা,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম,প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃমামুন,তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের,তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এর আগে গত ২০ জুন একই বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাজশাহী থেকে জাপানে দক্ষ কর্মী নিয়োগ ও বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিল জাপানি প্রতিনিধি দলটি।


আপনার মতামত লিখুন