রাজশাহীতে থানার এএসআইদের নিয়ে পুলিশ কমিশনারের মাসিক পারফরমেন্স পর্যালোচনা সভা
রাজশাহী মহানগরীর সকল থানার সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই)দের নিয়ে মাসিক পারফরমেন্স পর্যালোচনা সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি,আইন প্রয়োগে প্রতিবন্ধকতা দূরীকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় পুলিশ কমিশনার বলেন, সাধারণ জনগণকে হয়রানিমুক্ত, দ্রুত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা দিতে হবে। পুলিশের প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব,দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে। জমি-জমা বা জায়গা-জমি দখল সংক্রান্ত বিরোধে পুলিশের হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) যথাযথ যাচাই-বাছাই করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হকার ও দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে থানা এলাকায় নিয়মিত ও দৃশ্যমান টহল জোরদার করে চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। রাত ১০টার পর আবাসিক এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন পুলিশ কমিশনার।
এছাড়া কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে নজরদারি বৃদ্ধি, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে এএসআইদের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ কমিশনার বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে বলেন,জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক আস্থা অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সেবা প্রত্যাশীদের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ, দ্রুত সাড়া প্রদান এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম) জনাব মোঃফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃআবুল কালাম সাহিদ, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র জনাব মোঃগাজিউর রহমান, পিপিএম সহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন