ভারত সফর হোক সমমর্যাদার:শফিকুর রহমান
প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। পার্শ্ববর্তী দেশ ভারত সফরেও কোনো অসুবিধা নেই। তবে সে সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাঃশফিকুর রহমান।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডাঃশফিকুর রহমান বলেন,এ দেশের মানুষ এখন আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ,সমমর্যাদার ও সমতার ভিত্তিতে। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।
এ সময় তিনি দেশের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের টুঁটি চেপে ধরতে পারেন। এসব অনিয়ম বন্ধ করা সম্ভব। এখন বড় বিষয় হলো—সরকারপ্রধান এসব বন্ধ করতে কতটা চাইছেন।
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত। মানুষের এই আস্থা অর্জনের জন্য সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে। কেউ যাতে জনগণের ভোট ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগরী আমীর ডঃমাওলানা কেরামত আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
সম্মেলনে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি,ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক।
এ সময় মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডাঃমোহাম্মদ জাহাঙ্গীর,সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল,অধ্যক্ষ মোঃশাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং সহস্রাধিক রোকন সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ডাঃশফিকুর রহমান একই দিন বিকেলে একই স্থানে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন