খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলো সামনে আনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সংবাদমাধ্যম মানুষের আস্থা অর্জন করে। সেই জায়গা থেকে ডেইলি টাইমস অব বাংলাদেশ সংবাদ পরিবেশনে আরও তথ্যনির্ভর, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর রাজশাহী ব্যুরো চিফ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মাহবুব হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র গাজিউর রহমান, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, দৈনিক সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ.ম. সাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশনের (রোমো) আহ্বায়ক হুজাইফা ও সদস্য সচিব তুহিন আলী। এছাড়া অনুষ্ঠানে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে গণমাধ্যমের কর্মপদ্ধতিতেও পরিবর্তন এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের কারণে সংবাদ এখন দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্য যাচাই, সূত্রের নির্ভরযোগ্যতা ও সাংবাদিকতার নীতিমালা যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও সমান গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য তুলে ধরে সংবাদে ভারসাম্য বজায় রাখা এবং ভুল তথ্য বা গুজবের বিস্তার রোধে সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
বক্তারা ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। পত্রিকাটি আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য পৌঁছে দেবে এবং দেশের গণমাধ্যম অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর রাজশাহী ব্যুরো চিফ মুহা: আব্দুল আউয়ালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী মহানগর প্রেসক্লাব, রাজশাহী এডিটরস ফোরাম, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)-এর নেতৃবৃন্দও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গৌরীপুরের প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত ও পর্যটন কেন্দ্র গড়ার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

রায়হান উদ্দিন সরকার
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
গৌরীপুরের প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত ও পর্যটন কেন্দ্র গড়ার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে গৌরীপুর জমিদারবাড়ির ঐতিহাসিক প্রাচীন ভবন—বর্তমানে গৌরীপুর মহিলা কলেজ প্রাঙ্গণের সামনে—সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি ও এসিক এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং ক্রিয়েটিভ এসোসিয়েশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

এর আগে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক ধান মহালস্থ ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির মিলনায়তনে প্রাচীন নিদর্শন ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ওপর ডিসপ্লে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রবিবারের সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য দেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সভাপতি ও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, গৌরীপুর উপজেলা বিএনপি কমিটির সদস্য ও উপজেলা শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক মীর হোসেন মিরন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সহ-সভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর, সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, সাংবাদিক মো. দিলীপ কুমার দাস এবং এসিক ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ শাহ প্রমুখ।

 

বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক জনপদ। এখানে মুঘল, সুলতানি ও ব্রিটিশ আমলের বহু প্রাচীন নিদর্শন রয়েছে। রয়েছে ১২টি জমিদারবাড়ির ইতিহাস ও স্থাপত্যনিদর্শন, প্রাচীন মসজিদ, ঐতিহাসিক দীঘি, মন্দির, মধ্যযুগীয় মাজার, দুটি কেল্লা বা ফোর্টের ধ্বংসাবশেষ এবং ইতিহাসখ্যাত ব্যক্তিদের সমাধি।

 

এ ছাড়া পূর্ব বাংলার গীতিকায় সমৃদ্ধ বীরাঙ্গনা সখিনার ইতিহাস ও সমাধি এবং মুঘল আমলের খাজা উসমান খাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কেল্লার নিদর্শনও গৌরীপুরের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ বলে বক্তারা উল্লেখ করেন।

 

তারা বলেন, এসব ঐতিহাসিক স্থাপনা ও প্রত্ননিদর্শন যথাযথভাবে সংরক্ষণ করা গেলে গৌরীপুরকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য উপজেলার প্রাচীন নিদর্শনগুলো জরিপ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত, সংরক্ষণ ও পর্যটন অবকাঠামো উন্নয়নের দাবি জানান তারা।

 

স্মারকলিপি প্রদান

সমাবেশ শেষে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পার মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

স্মারকলিপিতে গৌরীপুরের প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনাগুলো চিহ্নিত করে তালিকাভুক্তি, সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

 

আয়োজকদের প্রত্যাশা, সরকারি উদ্যোগ ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গৌরীপুরের হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরা সম্ভব হবে।