খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন, ১৪৩৩

ঢাকায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
ঢাকায় এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী প্রত্যাশিত শিখনফল অর্জন করতে না পারলে তার পেছনের কারণগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীকে যথাযথভাবে শেখানোর দায়িত্ব শিক্ষক ও অভিভাবক উভয়ের থাকলেও শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১০ অক্টোবর শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ আয়োজনে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী প্রত্যাশিত শিখনফল অর্জন করতে না পারলে তার পেছনের কারণগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরতা একটি বড় সামাজিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তরুণ প্রজন্মসহ সমাজের বিভিন্ন বয়সী মানুষের মধ্যে এ প্রবণতা দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার যেন শিক্ষার্থীদের মনোযোগ, শেখার আগ্রহ ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত না করে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। শিক্ষকেরা যদি যথাযথভাবে পাঠদান করতে পারেন এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, তাহলে প্রত্যাশিত শিখনফল অর্জনের সুযোগ বাড়বে। শুধু শিক্ষার্থীর ফলাফল নয়, শিক্ষাদানের কার্যকারিতা ও শেখার পরিবেশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সময়ের সঙ্গে জ্ঞান, দক্ষতা ও শিক্ষার চাহিদা পরিবর্তিত হয়। তাই শিক্ষাক্রমও নিয়মিত পর্যালোচনা ও প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করা প্রয়োজন। তবে শিক্ষাক্রম পরিবর্তন হতে হবে গবেষণা, পরিকল্পনা ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে। পর্যাপ্ত প্রস্তুতি ও প্রয়োজনীয় সময় না দিয়ে হঠাৎ করে শিক্ষাক্রম পরিবর্তন করলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভবিষ্যতে শিক্ষাক্রমে পরিবর্তন আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।

সাফল্য অনেক জায়গা থেকে আসতে পারে আপনাদের সামনে অনেক পথ খোলা রয়েছে, যেটা প্রয়োজন সেটা হলো হার্ড ওয়ার্ক। শিক্ষকদের অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা প্রকৃত শিক্ষা দান করতে চান বলেই এই পেশায় আসেন, কিন্তু অনেক কারণেই তারা হয়ত যথাযথ ভাবে এই কাজটা করতে পারেন না, সে ক্ষেত্রে আসলে তাদের পেশার বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট দরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহদী আমিন। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বা প্রত্যাশিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীদের সহায়তায় সরকারের বেশ কিছু বহুমাত্রিক পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি আরো জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে ৩ মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেয়ার বিষয়টি সর্বোচ্চ ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, উত্তরপত্রের কেবল নম্বর যোগ-বিয়োগ না দেখে পূর্ণাঙ্গ মূল্যায়নের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণ পদ্ধতির পরিবর্তন আনা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় অকৃতকার্য শিক্ষার্থীদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে। এর মধ্যে রয়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান, ভালো ব্যবসায়িক ধারণা থাকলে প্রাথমিক অর্থায়ন এবং জাপানি, কোরীয়, চীনা বা পূর্ব ইউরোপীয় ভাষা শিখিয়ে ৩ থেকে ৬ মাসের মধ্যে দেশ-বিদেশে সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি। রাষ্ট্র ভালো ও খারাপ ফলাফল করা সব শিক্ষার্থীর দায়িত্ব সমভাবে গ্রহণ করবে যেন কেউ অবহেলিতবোধ না করে।

সম্মানিত অতিথি বক্তা হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের কাউন্সিলের চেয়ারপার্সন ও ব্র্যাক আইইডি এর নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়ম, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, তরুণ লেখক ও মোটিভেশনার স্পিকার সাদাত হোসাইন, নিউজিল্যান্ড ডেইরির চীফ মার্কেটিং অফিসার আসিফ রউফ। ধন্যবাদ জ্ঞাপন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিরেক্টর নিশাত সুলতানা এবং অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ।

সম্মেলনে দেশের আট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা চ্যালেঞ্জের মুখে পড়া শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, উন্নয়নকর্মী, উন্নয়ন সহযোগী সংগঠন, শিক্ষা গবেষক এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক প্রতিনিধির মধ্য থেকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণ, এর ফলে শিক্ষার্থীদের মানসিক চাপ এবং উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।

উন্মুক্ত আলোচনায় চা বাগান, আদিবাসী, গৃহকর্মীর সন্তানসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন নীতিনির্ধারকদের উদ্দেশ্যে তাঁদের সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলো হলো, তিন মাসের মধ্যে এসএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা, এসএসসিতে অন্তত যারা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে তাদের কলেজে ভর্তির সুযোগ দেয়া, সরকারের বিভিন্ন কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক কার্যক্রমে অকৃতকার্য শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া, দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাখাতকে আরো শক্তিশালী করা, শিক্ষা কারিকুলামে এসএসসিতে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের জন্য দশটি বিষয়ের যেকোন একটি বিষয়ে বিকল্প ব্যবস্থা রাখা, শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল প্রোগ্রাম চালু করা, শিক্ষক মূল্যায়ন সিস্টেম চালু করা, বিদ্যালয়গুলোর অবকাঠামো ঠিক করা, স্কুলগুলোতে জবাবদিহিতা ও মনিটরিং বাড়ানো, ডিভাইস আসক্তি কমানো, সঠিকভাবে শিক্ষক নিয়োগ করা, সকল ক্ষেত্রে কমিউনিটির অংশগ্রহণ বাড়ানো।

ঢাকার ডাক নিউজ/এস

তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম ও ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ।

১৪ অক্টোবর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করা তিন ব্যক্তি হলেন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

এ সময় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে নায়লা শারাফ প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন নায়লা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজ উদ্যোগে তৈরি করছেন বিভিন্ন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিজের শিক্ষকতা ও শিশুদের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন নায়লা।

জন্ম থেকেই দুই হাত নেই নরসিংদীর মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি করার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

আলতাফের জীবনসংগ্রাম ও বিদ্যালয় পরিচালনার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুলের অনুপ্রেরণার উৎস পরিবেশ ও প্রকৃতি। মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলেন বাবুল। পরে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন। তার লাগানো অনেক গাছ এখন বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছে।

সাক্ষাৎকালে তিনজনের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকার ডাক নিউজ/এস