১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুদান পাচ্ছে ৪৩২ যুব সংগঠন: প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিনিধি: সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন তরুণকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ এবং নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লক্ষ টাকার প্রকল্পভিত্তিক অনুদান প্রদান করা হচ্ছে।
আগামী ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মূল অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও যুব সংগঠনগুলোর হাতে পুরস্কার ও অনুদানের চেক তুলে দেবেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, জাতি গঠনে তরুণ সমাজই দেশের প্রধান চালিকাশক্তি। যুবদের উদ্যম, সমাজসেবা ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে উৎসাহিত করতে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের অধীনে স্থায়ীভাবে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়েছে। পাশাপাশি যুবসমাজকে আত্মকর্মী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিবছর নিবন্ধিত যুব সংগঠনগুলোকে এই প্রকল্পভিত্তিক প্রণোদনা দেওয়া হয়। তিনি জানান, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই ৮টি ক্যাটাগরিতে বাছাইকৃত ১৫ জন তরুণ-তরুণীকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হচ্ছে। প্রতিটি পদকের সঙ্গে ১ লক্ষ টাকার নগদ অর্থ/প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। একইসাথে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে ৩ কোটি ৫৭ লক্ষ টাকার অনুদান চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন ১ লক্ষ টাকা, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠন ৭৫ হাজার টাকা এবং বিশেষ ক্যাটাগরির সেরা ২০টি যুব সংগঠন সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান পাচ্ছে। জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ এবং যুবকল্যাণ তহবিল বোর্ডের চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এই বিজয়ী ও সংগঠনগুলো নির্বাচন করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশের জেলা প্রশাসকগণ সরাসরি যুক্ত থাকবেন এবং কেন্দ্রীয়ভাবে চেক হস্তান্তরের পাশাপাশি স্থানীয়ভাবে বাকি ৪২৯টি সংগঠনের হাতে চেক তুলে দেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিতে ১৭ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী চেক উদ্বোধনের পরপরই অনুদানের অর্থ সরাসরি সংশ্লিষ্ট সংগঠনের ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি (EFT)-এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ঢাকার ডাক নিউজ/এস

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]