খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন, ১৪৩৩

স্থায়ী সেতু নেই ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ৩ ইউনিয়নের মানুষ

মশিয়ার রহমান
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
স্থায়ী সেতু নেই ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ৩ ইউনিয়নের মানুষ

নদীর ওপর নেই স্থায়ী সেতু। কাঠের সাঁকোই তিন ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। দীর্ঘদিন ব্যবহারে সাঁকোটির পাটাতনের তক্তা বেঁকে গেছে, নড়বড়ে হয়ে গেছে নিচের পিলার। দুই পাশে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকায় প্রতিটি পদক্ষেপেই রয়েছে দুর্ঘটনার ঝুঁকি।বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই নদী পারাপার হতে হচ্ছে-

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা, গয়াবাড়ী ও খালিশা চাপানী ইউনিয়নের মানুষকে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবীরা। অসুস্থ রোগীদেরও ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গাছবাড়ি এলাকায় নাউতারা নদীর ওপর সাঁকোটির অবস্থান। স্থানীয় উদ্যোগে নির্মিত এ সাঁকো তিন ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। দীর্ঘদিন ব্যবহারের ফলে এর বিভিন্ন অংশ নড়বড়ে হয়ে পড়েছে। পাটাতনের তক্তা বেঁকে যাওয়া এবং বিভিন্ন স্থানে ফাঁক ও গর্ত সৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। দুই পাশে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকায় সামান্য অসতর্কতায় নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষা, চিকিৎসা, কৃষিকাজ ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ এই সাঁকো দিয়ে চলাচল করেন। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে পারাপারের ঝুঁকি আরও বাড়ে। জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসাকেন্দ্রে নেওয়া কিংবা দৈনন্দিন কাজে হাটবাজারে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। স্থায়ী সেতু না থাকায় নিরাপদ ও সহজ যোগাযোগের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সাঁকোটি ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। ঐতিহ্যবাহী ছোটখাতা কামিল মাদ্রাসাসহ একাধিক মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পথ দিয়ে যাতায়াত করতে হয়। ঝুঁকিপূর্ণ পাটাতন ও নিরাপত্তাবেষ্টনীর অভাবে সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকেরা। তাদের আশঙ্কা, কোনো শিক্ষার্থী ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে গেলে দ্রুত উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে।স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান বলেন, নাউতারা নদীর ওপর সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সাঁকোটির অবস্থা ভালো নয়। বিশেষ করে বর্ষাকালে পারাপারের ভয় আরও বেড়ে যায়। আমরা দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছি।

স্থানীয় বাসিন্দা হাছেন আলী বলেন, শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী, সবাইকে এই সাঁকো দিয়ে নদী পার হতে হয়। সন্তানদের স্কুল-মাদ্রাসায় পাঠিয়ে অভিভাবকেরা দুশ্চিন্তায় থাকেন। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এখানে সেতু নির্মাণ করা জরুরি।

সেতুর অভাবে ভোগান্তিতে পড়ছেন কৃষকেরাও। তিন ইউনিয়নের অনেক কৃষক ধান, ভুট্টা, পাট ও শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য গাছবাড়ি, নাউতারা হাট, নতুন বাজার ও শুটিবাড়ি হাটে নিয়ে যেতে এ পথ ব্যবহার করেন। ঝুঁকিপূর্ণ সাঁকোর কারণে কৃষিপণ্য পরিবহনে বাড়তি সময় ও খরচের মুখে পড়তে হয় তাদের। এতে কৃষিকাজ ও পণ্য বাজারজাতকরণেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা বুলবুল আহমেদ বলেন, এ পথে তিন ইউনিয়নের মানুষ বিভিন্ন প্রয়োজনে চলাচল করেন। কৃষিপণ্য বাজারে নেওয়া থেকে শুরু করে চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের কাজেও সাঁকোটি ব্যবহার করতে হয়। স্থায়ী সেতু নির্মাণ হলে মানুষের দুর্ভোগ কমবে, যোগাযোগব্যবস্থাও সহজ হবে।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক যোগাযোগপথ। আমার উদ্যোগে নির্মিত সাঁকোটি এখন প্রায় অচল। এখানে বহু আগেই একটি স্থায়ী সেতু নির্মাণ হওয়া উচিত ছিল।

ডিমলা উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান বলেন, স্থানটি পরিদর্শন করেছি। এখানে জরুরি ভিত্তিতে একটি স্থায়ী সেতু নির্মাণ প্রয়োজন। বিষয়টি অগ্রাধিকার দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, সেতুটির গুরুত্ব বিবেচনায় নেওয়া হয়েছে। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম ও ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ।

১৪ অক্টোবর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করা তিন ব্যক্তি হলেন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

এ সময় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে নায়লা শারাফ প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন নায়লা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজ উদ্যোগে তৈরি করছেন বিভিন্ন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিজের শিক্ষকতা ও শিশুদের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন নায়লা।

জন্ম থেকেই দুই হাত নেই নরসিংদীর মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি করার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

আলতাফের জীবনসংগ্রাম ও বিদ্যালয় পরিচালনার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুলের অনুপ্রেরণার উৎস পরিবেশ ও প্রকৃতি। মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলেন বাবুল। পরে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন। তার লাগানো অনেক গাছ এখন বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছে।

সাক্ষাৎকালে তিনজনের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকার ডাক নিউজ/এস