খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলায় অন্তত ১৩ জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলায় অন্তত ১৩ জন নিহত

ঢাকার ডাক আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেইনের রাজধানী কিইভে ভয়াবহ রাশিয়ার সামরিক বাহিনী হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে।

ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইউক্রেইনের রাজধানী কিইভ ও খারকিভ এবং আরও কয়েকটি লক্ষ্যে এসব হামলা চালানো হয়।রাশিয়ার দাবি, সম্প্রতি তাদের বেসামরিক অবকাঠামোতে ইউক্রেইনের হামলার প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি এক্স এ এক পোস্টে জানান, রাশিয়ার হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৯০ জনেরও বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুসহ পাঁচজন খারকিভ অঞ্চলের আর দুইজন কিইভ অঞ্চলের। বাকিরা অন্যান্য অঞ্চলের। এসব হামলায় বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে রাতভর সম্ভাব্য আকাশ হামলার বিষয়ে সতর্ক করেছিলেন জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যায়ক্রমিক সভাপতিত্বের ছয় মাসের মেয়াদ শুরু উপলক্ষে আয়ারল্যান্ডের ডাবলিনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তবে কিইভে হামলার খবর পেয়ে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে যান।কিইভের মেয়র ভিতালি ক্লিৎসকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানান, রাজধানীর একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় সেটির ছয়টি তলা আংশিকভাবে ধসে পড়েছে।

রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকা জানান, কিইভে হামলায় দুই শিশুসহ ৫৬ জন আহত হয়েছে এবং শহরের তিন ডজন স্থান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।তৈমুর তকাচেনকা বলেন, “শত্রু পক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং বেসামরিক মানুষকে হত্যা করেছে। আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে।”

এর আগের একটি পোস্টে মেয়র ক্লিৎসকো জানিয়েছিলেন, আহতদের মধ্যে একটি অ্যাম্বুলেন্স স্টেশনের প্যারামেডিক এবং চালকেরাও রয়েছেন। কিছু মানুষ এখনও ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ভেতরে আটকা পড়ে আছেন।শহরের কেন্দ্রস্থলের শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের চূড়ায় আগুন জ্বলছে। শহরের অন্য অংশে ভবনের জানালা ভেঙে গেছে এবং অসংখ্য গাড়ি ধ্বংস হয়েছে।

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী কিইভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। রাজধানীর চারপাশের অঞ্চলের কর্তৃপক্ষ পৃথকভাবে জানিয়েছে, সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে।জুনের মাঝামাঝি সময়ের পর এটিই ইউক্রেইনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা। রাতভর দেশটির বেশিরভাগ অঞ্চলে আকাশ হামলার সতর্কতা জারি করায় মানুষজন শিশু, আসবাবপত্র, তাঁবু এবং পোষা প্রাণীগুলোকে নিয়ে ভূগর্ভস্থ স্টেশনগুলোতে আশ্রয় নেন।

ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিলহা জাপান সফরকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, “ইউক্রেইনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নিতে আর দেরি করবেন না! কিইভ এক ভয়াবহ রাত পার করার পর আমাদের অংশীদারদের কাছে এটিই প্রধান অনুরোধ।

চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে ইউক্রেইনের আলোচনার প্রস্তাব ক্রেমলিন প্রত্যাখ্যান করেছে।এদিকে ইউক্রেইনীয় হামলা রাশিয়ার ভূখণ্ডের গভীরে জোরদার হওয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটিতে পরিশোধিত জ্বালানির সংকট দেখা দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে রাশিয়া ভারত থেকে পেট্রোল আমদানি করছে। মস্কো থেকে তিন হাজার কিলোমিটার দূরের নভোসিবিরস্ক অঞ্চলের জরুরি সেবাকেন্দ্রগুলোকে তেল সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।পাশাপাশি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেইনীয় ড্রোন হামলাও অব্যাহত রয়েছে। রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল শোধনাগার সমৃদ্ধ নিজনি নভগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।এছাড়া লেনিনগ্রাদ অঞ্চলে সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং বেলগোরোদ অঞ্চলে আবাসিক বাড়িতে ড্রোন আঘাত হানায় এক ব্যক্তির মৃত্যু ও তার স্ত্রী আহত হয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস

 

 

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস