রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০২ বোতল মদ ও ২৪ বোতল উত্তেজক সিরাপ আটক
রাজশাহী সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে।
এরই অংশ হিসেবে গত বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানপুর বিওপির একটি টহল দল কাটাখালী থানাধীন পশ্চিমপাড়া পদ্মা নদীর পাড় এলাকায় অবস্থান করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৯২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে সাহেবনগর বিওপির টহল দল গোদাগাড়ী থানাধীন চরহনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা একটি বস্তা থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
একই রাত ১২টা ৫০ মিনিটে ইউসুফপুর বিওপির আভিযানিক দল টাংগন পূর্বপাড়া নদীর পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় জেলেদের মাছ ধরার জালের নিচে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মদ কাটাখালী ও গোদাগাড়ী থানায় এবং জব্দকৃত উত্তেজক সিরাপ রাজশাহী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন