প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগোতে হবে: পিআইবির মহাপরিচালক
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে সাংবাদিকদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তবে এসব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি তথ্য প্রকাশের আগে নির্ভুলভাবে যাচাই করা অপরিহার্য।
শুক্রবার দুপুরে রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন তিনি।
ফারুক ওয়াসিফ বলেন, বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রযুক্তির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি পেশাগত নৈতিকতাও সমৃদ্ধ হওয়া প্রয়োজন। সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের দক্ষতা উন্নয়ন ও কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা: সবুর আলী বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে দ্রুত ও নির্ভুল তথ্য পরিবেশনের জন্য ফ্যাক্ট চেকিং এখন সময়ের অপরিহার্য দক্ষতা। প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।
সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে অর্জিত জ্ঞান নির্ভুল সংবাদ পরিবেশনে ভূমিকা রাখবে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় আরও বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদ-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন বলেন, এআই সাংবাদিকের বিকল্প নয়, বরং তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণে কার্যকর সহায়ক। তবে এআই থেকে প্রাপ্ত প্রতিটি তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করেই প্রকাশ করতে হবে।
পিআইবি আয়োজিত এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় এআইয়ের মৌলিক ধারণা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সংবাদ লেখা, তথ্য বিশ্লেষণ,অনুবাদ,সারসংক্ষেপ, রিভার্স ইমেজ সার্চ,ওএসআইএনটি,মেটাডেটা বিশ্লেষণ,জিওলোকেশন এবং ভুয়া তথ্য শনাক্তের আধুনিক কৌশল ও নৈতিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন