রাজশাহী মোহনপুরে মাদকমুক্ত সমাজ গঠনে এমপি মিলনের আহ্বান
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, কর্মক্ষেত্রে স্বচ্ছতা রক্ষা করতে হবে। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সমাজ আজ বিভ্রান্ত ও মাদকাসক্তির দিকে ধাবিত হচ্ছে। তাই আইনশৃঙ্খলা সভায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে নিতে হবে।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,আইন অমান্যকারী বা অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধে উচ্চ মহলের কোনো ধরনের অনুকম্পা বা সহযোগিতা পাওয়ার সুযোগ নেই।
জনগণের সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন,জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনপ্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সাথে থেকে তাদের ন্যূনতম সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করা।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃআকতার হোসেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন