খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদকসংশ্লিষ্ট পরিবারের সদস্যদের ফ্যামিলি কার্ড না দেওয়ার আহ্বান এমপি বাচ্চুর

শ্রাবণী আক্তার, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
মাদকসংশ্লিষ্ট পরিবারের সদস্যদের ফ্যামিলি কার্ড না দেওয়ার আহ্বান এমপি বাচ্চুর

মাদকসংশ্লিষ্ট পরিবারের সদস্যদের ফ্যামিলি কার্ডসহ কোনো ধরনের সরকারি সহায়তা না দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “মাদকাসক্ত পরিবার বা মাদকের সঙ্গে জড়িত পরিবারের সদস্যরা যেন ফ্যামিলি কার্ড না পায়। শুধু ফ্যামিলি কার্ড নয়, তারা যেন কোনো সরকারি সহায়তাও না পায়। এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। কোনো রাজনৈতিক বা ধর্মীয় প্রভাব যেন এ ক্ষেত্রে কাজ না করে।”
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে সমাজে মাদকের বিস্তার কমবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এজন্য প্রতিটি মসজিদের ইমামদের মাধ্যমে মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ও সাজাপ্রাপ্তদের বিষয়ে জনগণকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মাদক নির্মূলে পুলিশ ও র‌্যাবের অভিযান আরও জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি বাড়াতে হবে। সভায় বরমী ইউনিয়নকে সন্ত্রাসপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এবং প্রহ্লাদপুর ইউনিয়নের মারতা গ্রামে চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সভায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শ্রীপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে নির্দিষ্ট ডাম্পিং ও রিসাইক্লিং স্টেশন স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
জুলাই-আগস্ট আন্দোলনের প্রসঙ্গ তুলে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের পর দেশে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ঐক্য ধরে রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং অপশক্তিকে প্রতিহত করতে হবে।”
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিহাদ নিয়াজ শিশির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস