আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ মালামাল
ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) ভোররাতে পরিষদ ভবনে আগুন লাগার পর খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুনে ইউনিয়ন পরিষদ ভবনে থাকা একটি জেনারেটর, হুইলচেয়ার, মশা নিধনের কেমিক্যাল, ফগার মেশিন, কাগজপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ইউনিয়ন পরিষদ ভবনের ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও যাচাই করা হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন