শিশু নির্যাতনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ: আহত ৪
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামে ২০ আগস্ট রাত ৮টার দিকে শিশু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কচুবাড়ীয়া গ্রামের শিশু হোসাইন মুন্সি (৫) স্থানীয় পাঞ্জা (৪৫) নামের এক ব্যক্তিকে গালি দিয়েছে-এমন অভিযোগ তুলে পাঞ্জা তাকে পাটকাঠি দিয়ে পিঠে আঘাত করে। এমতাবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তার কাকা মো. রকফুল মুন্সি (৫০) পাঞ্জার কাছে কারণ জানতে যান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে রকফুল মুন্সি ক্ষুব্ধ হয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। এর জের ধরে কিছুক্ষণ পর পাঞ্জা, তার ভাই সমীর (৩৫) এবং তাদের ভাতিজারা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রকফুল মুন্সির বাড়িতে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় মো. রকফুল মুন্সি (৫০), পিতা: মৃত আফসার মুন্সি, এবং পাঞ্জা (৪৫) সমীর (৩৫), পিতা: মৃত হোসেন,রিপন (২৫), পিতা: পাঞ্জা গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার কর্মকর্তা জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন