খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঘুমন্ত যুবককে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, মনোহরদীতে আতঙ্ক

মোঃ আঃ কুদ্দুস
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
ঘুমন্ত যুবককে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা, মনোহরদীতে আতঙ্ক

নরসিংদীর মনোহরদী উপজেলায় নিজ ঘরে ঢুকে আকাশ মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া ওই গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।
নিহতের পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান আকাশ। ভোরে ফজরের নামাজের পর তাঁর বাবা তাঁকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকাডাকি করেন। একপর্যায়ে দরজা খুলে তিনি ঘর থেকে গরু বের করে দেন। পরে কৃষিজমিতে কাজ করতে চলে যান তাঁর বাবা।
সকাল সাতটার দিকে আকাশের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান তাঁর মা। ঘরে গিয়ে তিনি ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। পরে আকাশকে হাসপাতালে নেওয়ার জন্য ঘর থেকে বের করার সময় তাঁর মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের ধারণা, রাতে কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রেখে যায়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মামুন নামের একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।