৩০ ঘণ্টা পর রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক
দীর্ঘ ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে সারাদেশে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। এতে দূরপাল্লার যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
জানা গেছে, রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে গত দুই দিন ধরে রাজশাহী থেকে ঢাকাসহ সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ছিল। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা কাউন্টারে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফিরে যেতে বাধ্য হন।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আজ দুপুর ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে প্রথম ছেড়ে যায় হানিফ পরিবহনের একটি বাস। এরপর একে একে অন্যান্য পরিবহনের বাসও বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।
এ সময় কাউন্টারে অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রী মাহমুদ জুয়েল বলেন,রাজশাহীতে কিছুদিন পরপর এমন সমস্যার সৃষ্টি হয়। এতে আমার মতো হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েন। সকাল ৮টায় কাউন্টারে এসেছিলাম। এখন গাড়ি ছাড়ছে। যাই হোক, ভোগান্তি শেষে গাড়ি ঢাকার উদ্দেশে ছেড়েছে, এতেই আমরা খুশি।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে বিরোধের সুষ্ঠু সমাধান হওয়ায় বাস চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

আপনার মতামত লিখুন