খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অনলাইন ডেলিভারির নামে প্রতারণা, ৩ জন গ্রেপ্তার

মোঃ আবু হুরাইরা মিয়া
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন ডেলিভারির নামে প্রতারণা,  ৩ জন গ্রেপ্তার

ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে ডেলিভারির নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
সোমবার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)। তারা নড়াইল সদর উপজেলার ভওয়াখালী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম দাম, বিশেষ ছাড় ও উন্নতমানের পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্ডার নেওয়ার পর অগ্রিম টাকা বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) নম্বরে গ্রহণ করা হতো। পরে পণ্য সরবরাহ না করে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো।
সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক শিক্ষার্থী ‘Sneakers Hub BD’ নামের অনলাইন প্ল্যাটফর্মে জুতার বিজ্ঞাপন দেখে একজোড়া জুতা অর্ডার করেন। অভিযোগ রয়েছে, বিভিন্ন কৌশলে তার কাছ থেকে জুতার মূল্য বাবদ অনলাইনে মোট ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয় চক্রটি।
এ ঘটনায় ভুক্তভোগী ঝিনাইদহ সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি দল। তদন্তের একপর্যায়ে চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা নং-৩০, তারিখ ২৫ জুলাই ২০২৬, সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২২(২)/২৩(২)/২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়।
পরে সোমবার নড়াইলে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্য এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।
পুলিশের জনসচেতনতামূলক বার্তা
অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে অতিরিক্ত ছাড়, অস্বাভাবিক কম দাম কিংবা আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে যাচাই-বাছাই ছাড়া অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর সরাসরি বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে পুলিশ।
পণ্য ও বিক্রেতার পরিচয় যথাযথভাবে যাচাই না করে কোনো ধরনের অগ্রিম অর্থ প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।