নেপালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রামাণ্যচিত্র পানকৌড়ি
ঢাকার ডাক বিনোদন: বাংলাদেশের প্রামাণ্যচিত্র পানকৌড়ি জায়গা করে নিয়েছে নেপালের প্রথম লুম্বিনী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ। আগামী ৮ থেকে ১০ অক্টোবর পালপার তানসেনে অনুষ্ঠিতব্য এ উৎসবে ছবিটির প্রদর্শনী হবে।
প্রামাণ্যচিত্রটির নির্মাতা জাফর মুহাম্মদকে উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিষয়টি জানিয়ে আমন্ত্রণ জানিয়েছে। ১৮ মিনিট ১৭ সেকেন্ডের ‘পানকৌড়ি’তে উঠে এসেছে পঞ্চগড়ের করতোয়া নদী এবং নদীকে ঘিরে মানুষের জীবন ও স্মৃতির গল্প।
ছবিটির মূল চরিত্র মুজিবুর রহমান। জীবনের দীর্ঘ ৫৫ বছর করতোয়া নদী থেকে পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেছেন তিনি। তার জীবনযাপন এবং নদীর সঙ্গে মানুষের সম্পর্কের পাশাপাশি সময়ের সঙ্গে করতোয়ার স্রোত কমে যাওয়ার চিত্রও তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে।
২০১৯ সালে ‘পানকৌড়ি’র নির্মাণ শুরু করেন জাফর মুহাম্মদ। ২০২৫ সালে নির্মাণকাজ শেষ হলেও পোস্ট-প্রোডাকশনের সময় মারা যান ছবিটির প্রধান চরিত্র মুজিবুর রহমান।আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে ‘পানকৌড়ি’। ২০২৫ সালে আওয়ার ফিল্মস শর্টস ফেস্ট ও চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার অর্জন করে এটি।
এ ছাড়া ১২তম কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যাল, কেরালা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ এবং দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত সপ্তম নদী উৎসবের ‘দ্য রিভার অ্যাজ অ্যান আর্কাইভিস্ট’ শীর্ষক প্রদর্শনীতেও ছবিটি নির্বাচিত হয়েছে।
করতোয়া বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির সঙ্গে মানুষের জীবন, জীবিকা ও হারিয়ে যেতে থাকা স্মৃতির সম্পর্কই ‘পানকৌড়ি’র মূল উপজীব্য। নেপালের উৎসবে প্রদর্শনের মাধ্যমে ছবিটির আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হচ্ছে নতুন একটি অধ্যায়।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]