খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাতীয় শহীদ মিনারে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা সেবা

খান আহমেদ ইফতেখার, মেডিকেল ডেস্ক, ঢাকা
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
জাতীয় শহীদ মিনারে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা সেবা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নাগরিকদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। একইসঙ্গে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সকল শ্রেণি-পেশার মানুষ ও নিরাপত্তাকর্মীদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে ভোর থেকে অ্যাম্বুলেন্স ও ওষুধ নিয়ে প্রস্তুত ছিল রেড ক্রিসেন্ট মেডিকেল টিম। এছাড়াও শহীদ মিনার ও এর আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মাধ্যমেও দেওয়া হয় জরুরি চিকিৎসাসেবা। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সাথে সমন্বয় করে এই জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তবে এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল থেকে সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয় বায়ান্নর ভাষা শহীদদের প্রতি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রামের পক্ষ থেকে অন্যান্য দিনের মতো আজও চলছে অমর একুশে বইমেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ১ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মেলায় আসা দর্শনার্থীদের নিকট থেকে ৪১৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন স্বাস্থ্যসেবার ৫ ও ৬ ‍নং স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান) চলবে এই কার্যক্রম।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।