দেয়ালে ধরলো ফাটল
ভয়াল ভূমিকম্পে ঢাকার বিভিন্ন মেডিকেল হাসপাতালে খসে পড়লো ছাদ
ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০:৩৯ মিনিটে এই ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এই ভয়াবহ ভূমিকম্পের রাজধানীর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর মিরপুরস্থ ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেল্টা হাসপাতাল লিমিটেডের বেশ কয়েকটি দেয়ালে বড় ধরনের ফাটল ডাক্তারদের রুমের দেয়াল এবং ছাত খসে পড়েছে।
এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রাবাসের ছাদ ও দেয়াল খসে পড়েছে এবং অনেক বড় ধরনের ফাটল ধরেছে। ভূমিকম্পে বিল্ডিং ধ্বসের ঘটনায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এমবিবিএস ৫২ তম ব্যাচের শিক্ষার্থী রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। অপরদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭।
এই ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয়, যা ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মাঝে। এসময় ঘরবাড়ি, অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো লাখো মানুষ।
উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় এর তীব্রতা টের পাওয়া যায়।

আপনার মতামত লিখুন