খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গজারিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
গজারিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং দেশের সম্পদ। তাদের সক্ষমতা বিকাশে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিবন্ধীদের মূলধারায় অন্তর্ভুক্ত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।”


তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো বাজেটের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন করা। বর্তমান সরকার একটি শক্তিশালী ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে। এ ক্ষেত্রে জনগণ ও সরকারের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটি সরকারের অন্যতম বড় সামাজিক নিরাপত্তা উদ্যোগ। এর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ইতোমধ্যে আটজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। জনগণের অধিকার, কৃষকের অধিকার এবং মায়েদের প্রাপ্য সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে।


অনুষ্ঠান শেষে উপজেলার পাঁচজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুর মহল আশরাফী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার Minhajul Alam (পিপিএম), গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস