রঘুনন্দন রেঞ্জের শালটিলা বন বিটে গাছ কাটার সময় এক বনদস্যু আটক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রঘুনন্দন সংরক্ষিত বন রেঞ্জের শালটিলা বন বিটের ফুলছড়ি ক্যাম্প এলাকায় গাছ কাটার সময় এক কথিত বনদস্যুকে আটক করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আটক ব্যক্তির নাম জাফর মিলন মুন্ডা (৩২)। তিনি উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাপাই চা বাগানের দুর্গা মুন্ডার ছেলে বলে জানা গেছে।
বন বিট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যেত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলছড়ি ক্যাম্প এলাকায় গাছ কাটার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
অভিযানটি পরিচালনা করেন শালটিলা বন বিটের কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম সানী এবং অন্যান্য বনকর্মীরা।
পরে আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার (১৯ জুন) হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন