খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিটি নিয়ে বিরোধ, আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিটি নিয়ে বিরোধ, আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহী,১৩জুলাই: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সোমবার রাত ৮টা থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকদের একাংশ। মঙ্গলবার সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

শ্রমিকদের একাংশের দাবি, সংগঠনের সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে। তবে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে সাধারণ সভা আয়োজন সম্ভব নয়। এজন্য তিনি প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে একটি নির্বাচনি কমিটি গঠনের প্রস্তাব দেন।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ সভা থেকে বেরিয়ে ধর্মঘটের ডাক দেন। বৈঠকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

শিরোইল টার্মিনালে উত্তেজনা
বৈঠক শেষে শিরোইল বাস টার্মিনালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নজরুল ইসলাম হেলালের ব্যক্তিগত চেম্বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

শ্রমিক নেতা মোমিনুল ইসলাম মোমিন অভিযোগ করে বলেন, জেলা প্রশাসক একটি পক্ষের অবস্থান নিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ সভার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠনই একমাত্র উপায়। তিনি আরও বলেন, নজরুল ইসলাম হেলাল মালিকপক্ষের প্রতিনিধি হওয়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচনি কমিটিতে তার থাকা উচিত নয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ সভা আয়োজন সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন কাজ করছে।

নজরুল ইসলাম হেলাল বলেন,বৈঠকে কথা কাটাকাটি হলেও বাস চলাচল বন্ধ রাখা বা চেম্বারে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মালিকপক্ষ বাস চলাচল স্বাভাবিক রাখতে চায়।

শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। গত ২৩ এপ্রিল নির্বাচন দাবিকারী শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ কয়েক দফা ধর্মঘট পালন করে। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের পর নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেওয়া হয়েছিল।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।