খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সামাজিক সুরক্ষা জোরদার করা হচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সামাজিক সুরক্ষা জোরদার করা হচ্ছে

বিশেষ প্রতিনিধি: ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। এই বিচার সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সংগত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ।

১৬ আগস্ট রোববার বরিশাল জেলা আইনজীবী সমিতির দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে বহুল সংখ্যক রাজনৈতিক সহযোদ্ধাকে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল। চব্বিশের জুলাইয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ শহীদের রক্ত এবং ৩০ হাজার তরুণের পঙ্গুত্ব বরণ করেন। তাদের এই ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

বৈশ্বিক সংকট ও সরকারের অর্থনৈতিক পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট থাকা সত্ত্বেও সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সামাজিক সুরক্ষা জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন মো. আসাদুজ্জআমান। তিনি জানান, এ বছরের মধ্যে মোট ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিগত সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক পরিবেশ ও প্রশাসনিক সংস্কৃতি দূর করে দেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি, বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেনসহ স্থানীয় প্রশাসন ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ।

ঢাকার ডাক নিউজ/এস

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।