রাজশাহীতে তাপপ্রবাহ মোকাবিলায় রেড ক্রিসেন্টের লেসন লার্নড কর্মশালা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রণীত আর্লি অ্যাকশন প্রটোকল (EAP)-এর খসড়া পরীক্ষণ থেকে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নগরীর হোটেল এক্স মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,রাজশাহীতে তাপপ্রবাহ মোকাবিলা ও নগরবাসীর সুরক্ষায় প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে। রাজশাহীকে আরও বাসযোগ্য ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বেসরকারি উন্নয়ন সংস্থা ও এনজিওগুলোকে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নগরীর পরিবেশ উন্নয়নে রেড ক্রিসেন্টসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হবে। নগরীতে খেলার মাঠ উন্নয়ন এবং মুক্তমঞ্চের সামনে সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সভায় জানানো হয়, সম্প্রতি তীব্র তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় নগরীর রেলগেট ও লক্ষ্মীপুর মোড়ে দুটি অস্থায়ী কুলিং সেন্টার নির্মাণ করা হয়েছে। সেখানে বিনামূল্যে বিশুদ্ধ পানি, হাতপাখা, ছাতা বিতরণ এবং আগতদের রক্তচাপ ও ডায়াবেটিস পরিমাপ করা হয়।
এ সময় রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সেক্রেটারি ডাঃমোঃশামীম হোসেন চৌধুরী নগরীতে স্থায়ী কুলিং সেন্টার এবং গুরুত্বপূর্ণ স্থানে যাত্রী ছাউনি স্থাপনের দাবি জানান।
প্রশাসক মাহফুজুর রহমান রিটন রেড ক্রিসেন্টের সকল মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু। কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
একই অনুষ্ঠানে অ্যাডভান্স ফার্স্ট এইড প্রশিক্ষণের উদ্বোধন
একই দিন আইসিআরসি’র সহযোগিতায় ৪ দিনব্যাপী অ্যাডভান্স ফার্স্ট এইড প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণে রাজশাহী বিভাগের ৯টি জেলার ৩০ জন যুব স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃতৌহিদ হাসান, আইসিআরসি’র ফার্স্ট এইড প্রোগ্রাম ম্যানেজার ডাঃজালিসা খানম,হেলথ ফিল্ড অফিসার ফারহানা আক্তার ডলি,জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম অফিসার মোঃদিদারুর আলম রাফি,প্রশিক্ষণ বিভাগের উপ-সহকারী পরিচালক এস এম জাহিদুর রহমান ও ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান।

আপনার মতামত লিখুন