খুঁজুন
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক, ১৪৩৩

চট্টগ্রাম সিটিকে সহজে হারিয়ে লিগের জয় ধরে রেখেছে আবাহনী লিমিটেড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
চট্টগ্রাম সিটিকে সহজে হারিয়ে লিগের জয় ধরে রেখেছে আবাহনী লিমিটেড

ঢাকার ডাক স্পোর্টস: চট্টগ্রাম সিটিকে সহজে হারিয়ে লিগের জয় ধরে রেখেছে পয়েন্ট খুইয়ে লিগ শুরু করা আবাহনী লিমিটেড, আবাহনীর জয়ের দিনে পয়েন্ট ভাগাভাগি হয়েছে বাকি দুই ম্যাচে।

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শনিবার চট্টগ্রাম সিটিকে ৩-০ গোলে হারায় আবাহনী। ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ২-২ এবং বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি ১-১ ড্র হয়েছে।

টেবিলের নিচের দিকের দল চট্টগ্রাম সিটির বিপক্ষে ভালো শুরু পায় আবাহনী। ষষ্ঠ মিনিটে অ্যান্থনি ওকাচির শট আটকালেও মাইকেল বাবাতুন্দের ফিরতি শট আটকাতে ব্যর্থ গোলকিপার বাপ্পী হাসান।

প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল্লাহ ওমার সজীবের পাস থেকে নিখুঁত শটে জাল কাঁপান ওকাচি। দ্বিতীয়ার্ধের শুরুতে আল আমিন ব্যবধান বাড়ান আরও। তিন ম্যাচে টানা দুই জয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে আবাহনী।

এদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ৩০তম মিনিটে রাব্বী হাসানের গোলে এগিয়ে যায় পুলিশ এফসি। প্রথমার্ধের যোগ করা সময়ে আরামবাগকে সমতায় ফেরান জয় ত্যানচ্যাঙ্গাই। পয়েন্ট হারালেও চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পুলিশ এফসি।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। আবাহনীর মতোই ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ফর্টিস এফসি তৃতীয় ও বসুন্ধরা কিংস চতুর্থ স্থানে আছে।মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে দূরপাল্লার শটে জামাল ভূঁইয়া এগিয়ে নেন ব্রাদার্স ইউনিয়নকে। ১৯তম মিনিটে পেনাল্টি থেকে রহমতগঞ্জকে সমতায় ফেরান অভিষেক লিম্বু।

বিরতির আগে সৈয়দ রেজার গোলে ব্রাদার্স এগিয়ে যায় আবারও। কিন্তু দ্বিতীয়ার্ধে সাজ্জাদ হোসেনের গোলে হার এড়ায় রহমতগঞ্জ। চার ম্যাচে এটি রহমতগঞ্জের তৃতীয় এবং ব্রাদার্সের দ্বিতীয় ড্র। এই দুই দল জয় পায়নি এখনও।

শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস