খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাংলাদেশি কর্মী নিতে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
বাংলাদেশি কর্মী নিতে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য আলোচনা করতে প্রস্তুত দেশটি। তবে অভিবাসী কর্মীদের ফেরত আসার বিষয়ে নিশ্চয়তা চায় রাশিয়া।

রবিবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান তিনি।

রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন তিনি। বিভিন্ন খাতে— কৃষি, জাহাজ নির্মাণ, পর্যটন, আবাসিক বা বিভিন্ন সেবা খাতে কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা করতে চায় রাশিয়া। কর্মী নেওয়ার বিষয়টি এমন নয় যে, তা একদিনে মীমাংসা হবে। যাই হোক, আমরা আলোচনা করতে প্রস্তুত জানিয়ে আলেক্সান্ডার জি খোজিন বলেন, ‘কর্মী পাঠানোর জন্য একটি সমঝোতা স্মারক বা অন্য ধরনের অ্যারেঞ্জমেন্টে যাওয়ার আগে আমাদেরকে প্রতিশ্রুতি পেতে হবে— কর্মীদের প্রত্যর্পণ করা হবে। এটি অত্যন্ত জরুরি। বিদেশে কাজ করার বিষয়ে বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। এই প্রতিশ্রুতি দুদেশের জন্য ইন্স্যুরেন্স হিসাবে কাজ করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাওনা পরিশোধের বিষয়ে তিনি জানান, এটি নিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত। আমি নিশ্চিত বিষয়টি সুরাহা হবে। এখানে যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেগুলো বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস