খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাজেট কার্যকরের আগেই যশোর জুড়ে সিগারেটের বাড়তি মূল্য আদায়; নিরব প্রশাসন 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
বাজেট কার্যকরের আগেই যশোর জুড়ে সিগারেটের বাড়তি মূল্য আদায়; নিরব প্রশাসন 
আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর কর ও ভ্যাট বৃদ্ধির ঘোষণা আসার পর থেকেই যশোর জেলার বিভিন্ন স্থানে প্যাকেটে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি হচ্ছে। এতে সাধারণ ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জুন মাসের শুরু থেকেই বেনসন অ্যান্ড হেজেস, গোল্ডলিফসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট অতিরিক্ত মূল্যে বাজারজাত করা হচ্ছে। বেনসন অ্যান্ড হেজেসের একটি প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৩৭০ টাকা উল্লেখ থাকলেও তা ৪২০ টাকায় বিক্রি করা হচ্ছে। একইভাবে ২৮০ টাকা মূল্যমানের গোল্ডলিফ সিগারেটের প্যাকেট বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।
সাধারণ ক্রেতাদের অভিযোগ, নতুন মূল্য কার্যকর হওয়ার আগেই বাজারে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। এতে প্রতিদিন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তারা।
খুচরা বিক্রেতারা জানান, তারা নিজেরা মূল্য নির্ধারণ করছেন না। সিগারেট সরবরাহকারী বিক্রয় প্রতিনিধিরা যেভাবে পণ্য সরবরাহ করছেন, সেভাবেই বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে বেনাপোলের কয়েকজন বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা হলে তারা জানান, ডিলারের নির্দেশনা অনুযায়ীই অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করা হচ্ছে। মূল্য বৃদ্ধির কারণ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তারা ডিলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে ডিলারের ফোন নম্বর চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানান। তাদের দাবি, এ ধরনের তথ্য দিলে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB)-এর একমাত্র ডিলার প্রতিষ্ঠানের নাম মেসার্স আজিজুর রহমান ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউশন হাউজটির স্বত্বাধিকারী বা প্রধান ব্যক্তিত্ব হলেন আজিজুর রহমান।
বিষয়টি নিয়ে অ্যাডভোকেট নাজিম মৃধা বলেন, “জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর কর বা ভ্যাট বৃদ্ধি পেলেও তা নির্ধারিত সময়ের আগে কার্যকর হয় না। জুলাই মাসের আগে নতুন করহার কার্যকর হওয়ার সুযোগ নেই। এছাড়া কোনো পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করারও আইনগত সুযোগ নেই। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন।”
এদিকে সাধারণ জনগণ ও খুচরা ব্যবসায়ীরা দ্রুত তদন্তের মাধ্যমে বাজারে প্যাকেটে উল্লেখিত মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত চেষ্টা করেও এ বিষয়ে ডিলার আজিজুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস