খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ঢাকার ডাক নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ৭৩ কোটি ৭৫ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।

২৮ জুন রবিবার সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত “মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬”-এ এ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তে বিজিবির সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি আরও বলেন, মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা, যা মোকাবিলায় শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; বরং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং নিজ হাতে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক ২০২৫ সালের ০১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ৩,৭৯১ বোতল বিভিন্ন প্রকার মদ, ৪,৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭,২৭০ পিস ইয়াবা, ৬,০৭,৭৬৯ পিস বিড়ি ও সিগারেট, ৩৩.৪০০ কেজি গাঁজা, ৬৩,১৩,১২০ পিস বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, ২ বোতল লিকুইড সীসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বট পাতা, ৭২.৫০ মিলিলিটার উচ্চমূল্যের মাদক এলএসডি, ৮.৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস/আইস মেথ) এবং আফিম তৈরির কেমিক্যাল ২০ বোতল ধ্বংস করা হয়। উল্লেখ্য, সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর ও অধীনস্থ বিওপি কর্তৃক দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় বিগত ২০২৫ সালের ০১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে ১২৬ কোটি ৬৬ লক্ষ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্যসহ এর সাথে জড়িত ৪৮ জন ব্যক্তিকে আটক করেছে। এর মধ্যে ৭৩ কোটি ৭৫ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরা জেলা প্রশাসক, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক, পুলিশ সুপারের প্রতিনিধি, সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। উপস্থিত সকলেই মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস