খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হাজারো দর্শকের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা উপভোগ করলেন এমপি সাঈদ আল নোমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
হাজারো দর্শকের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা উপভোগ করলেন এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রামে সাধারণ দর্শকদের সঙ্গে একই সারিতে বসে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন চট্টগ্রাম-১০ আসনের এমপি সাইদ আল নোমান। শনিবার ( ৪ জুলাই ) ভোরে নগরের দুই নম্বর গেট এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচ উপভোগ করেন তিনি। এসময় তিনি বলেন, রাজনীতি নয়, খেলার আনন্দই মানুষকে একত্রিত করেছে। এমন মিলনমেলা বারবার হওয়া উচিত। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। হাজারো ফুটবলপ্রেমীর সঙ্গে বসে খেলা উপভোগের পাশাপাশি কুশল বিনিময় করেন তিনি।

 

সাঈদ আল নোমান বলেন, ‘চট্টগ্রাম শহরের হাজার হাজার তরুণ-তরুণী আজ একসঙ্গে আনন্দ উপভোগ করতে এসেছে। এই আনন্দমুখর পরিবেশে আমাদের শক্তিটা বারবার উপলব্ধি করা দরকার। আজ এখানে কোনো রাজনীতি নেই, কোনো স্বার্থের চিন্তা নেই। শুধুমাত্র খেলা উপভোগ করার জন্য চট্টগ্রামবাসী এক জায়গায় হয়েছে। এই বিষয়টি আমাদের ভাবায়-আমরা কেন বারবার এভাবে এক হতে পারি না। তিনি বলেন, যখনই সুযোগ পাব, আমরা যেন এক হয়ে যেতে পারি। এটা কোনো রাজনৈতিক ময়দান নয়, এখানে কোনো দুরভিসন্ধি নেই। শুধু চট্টগ্রামের তরুণ সমাজের জন্য ভোর চারটায় খেলা দেখার একটি জায়গা তৈরি হয়েছে। সেখানে আমি সামান্য অবদান রাখতে পেরেছি, এটাই আমার আনন্দ। বরং তাদের সঙ্গে বসে খেলা দেখতে পেরে আমি গর্বিত, আনন্দিত ও পুলকিত।

 

এক প্রশ্নের জবাবে নিজের সমর্থনের কথাও খোলাখুলিভাবে জানান এই সংসদ সদস্য। তিনি বলেন, এখানে কূটনীতি করার কিছু নেই। অবশ্যই আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি। আমরা ম্যারাডোনার সময়ের মানুষ। যারা ম্যারাডোনাকে দেখেছে, তাদের ফুটবলের প্রতি ভালোবাসা সেখান থেকেই তৈরি হয়েছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।