ফেইসবুকে স্টাটাস দিয়ে ইনকিলাবের জাবের – ঝুমার পদত্যাগ
শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের কাছে ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ হস্তান্তরের ঘোষণা
ঢাকা, ৮ জুলাই: ইনকিলাব কালচারাল সেন্টারকে এর প্রকৃত দাবিদার অর্থাৎ শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা নিজ নিজ ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পৃথক পোস্টের মাধ্যমে এই যৌথ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তারা জানান, শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের জোরালো দাবি এবং বিদ্যমান যাবতীয় দলিল-দস্তাবেজ পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার ভিত্তিতেই এই হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের তার পোস্টে উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী শাহাদাতবরণের পূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, যা তিনি সম্পন্ন করে যেতে পারেননি। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি ‘জনতার আমানত’ হিসেবে পরিচালিত হওয়ার পরিকল্পনা ছিল। গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও নানাবিধ কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নেয়।
পরিস্থিতি স্পষ্ট করে জাবের লেখেন,
”আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তাঁর ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল-দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর ঢাকা-৮, সেন্টারসহ সংশ্লিষ্ট সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (স্থগিত) অবস্থায় রয়েছে। ফলে ওই অ্যাকাউন্টগুলো বাদে, তাঁর দায়িত্বকালীন সময়ের অন্যান্য যাবতীয় আর্থিক হিসাব-নিকাশ খুব দ্রুতই প্রকাশ করা হবে। একই সাথে ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এবং তা এগিয়ে নিতে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন