খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী পদ্মার পানি বৃদ্ধিতে রাজশাহীতে সাপের আতঙ্ক চরাঞ্চল প্লাবিত,লোকালয়ে রাসেল ভাইপার রাত কাটছে নির্ঘুম

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
রাজশাহী পদ্মার পানি বৃদ্ধিতে রাজশাহীতে সাপের আতঙ্ক  চরাঞ্চল প্লাবিত,লোকালয়ে রাসেল ভাইপার রাত কাটছে নির্ঘুম

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি। এরই মধ্যে নদীর কয়েকটি চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি মানুষের দুর্ভোগের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সাপের আতঙ্ক।

স্থানীয়দের দাবি, পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রজাতির সাপ স্থলভাগের দিকে উঠে আসছে। রাজশাহী নগরীর পদ্মা তীরবর্তী সীমান্ত অবকাশ এলাকাতেও বিষধর রাসেল ভাইপার দেখা গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা। তাদের ভাষ্য, নিচু এলাকা তলিয়ে যাওয়ায় সাপগুলো উঁচু ও নিরাপদ স্থানে উঠে আসছে এবং সেখান থেকে লোকালয় ও বসতবাড়ির কাছাকাছি চলে আসছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন আগেও এলাকায় এ ধরনের সাপের উপস্থিতি তেমন দেখা যায়নি। পানি বাড়ার পর গত কয়েক দিনে বিভিন্ন স্থানে একাধিক বিষধর সাপ দেখা গেছে।

এক কিশোর জানায়, পানির মধ্য থেকে বড় একটি সাপকে ডাঙায় উঠে আসতে দেখে সে। পরে ঘাটের কাছে সাপটি পড়ে থাকলে স্থানীয়রা সেটিকে পিটিয়ে মেরে ফেলেন। সাপটিকে রাসেল ভাইপার বলে শনাক্ত করা হয়েছে বলে দাবি তার।

এক নারী বলেন, বড় একটি সাপ দেখেছেন তিনি। সেটিকে মারার চেষ্টা করা হলেও সেটি পালিয়ে যায়।

আরেক বাসিন্দা বলেন, পানি বাড়ার কারণে সাপগুলো লোকালয়ে চলে আসায় ভয় তৈরি হয়েছে। বিশেষ করে রাতে সাপের কামড়ের আশঙ্কায় অনেকে আতঙ্কে রয়েছেন।

এদিকে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজশাহী শহরের পাশের ভারত সীমান্তঘেঁষা চর খিদিরপুর ও খানপুরসহ পদ্মার ওপারের বিভিন্ন চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শাহিদুল ইসলাম জানান, পানিবাহিত রোগের বিস্তার ঠেকাতে পানিবন্দি মানুষের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের আতঙ্কের মধ্যে সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম প্রতিষেধক বিনামূল্যে দেওয়া হচ্ছে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস