রাজশাহীতে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই, এসআরবি-৫ এর হাতে গ্রপ্তার ৩ জন
রাজশাহীর চারঘাটে ভ্যানচালককে চাকু দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
সোমবার দিবাগত রাত দেড়টায় জেলার বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃজহিরুল ইসলাম (৩০),মোঃসহিদুল ইসলাম (৪২) ওরফে টুটুল এবং আলমগীর হোসেন (৩৪)।
এসআরবি-৫ এর সদর কোম্পানি সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চারঘাটের শিশাতলা এলাকায় ভ্যানচালক তফিকুল ইসলাম (৫০) দুইজন যাত্রী নিয়ে যাওয়ার সময় ওই যাত্রীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ব্যাটারিচালিত ভ্যান, একটি স্মার্টফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় দস্যুতা আইনে মামলা করেন। মামলা নং- ০৮, তারিখ- ১২/১০/২০২৬ইং, ধারা- ৩৯৪ পেনাল কোড।
মামলার পর এসআরবি-৫ ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মীরগঞ্জ বাজারের সামনে অভিযান চালিয়ে প্রথমে মূলহোতা জহিরুলকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অপর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা তিনজনই ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এসআরবি জানায়, গ্রেফতারকৃত জহিরুল পেশাদার ছিনতাইকারী ও চোরাচালান চক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ৮টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]