নাগরিক সুবিধা বাড়াতে রাসিকের অনুকূলে খাস জমি বরাদ্দের আবেদন
রাজশাহী মহানগরবাসীর নাগরিক চাহিদা পূরণ ও সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সরকারি খাস সম্পত্তি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অনুকূলে বরাদ্দ ও হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র হস্তান্তর করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে রাসিক প্রশাসক নগরীর জীবনযাত্রার মানোন্নয়ন ও নাগরিক সুবিধা সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ, ফুটসাল, ইনডোর স্টেডিয়াম, উন্মুক্ত খেলার মাঠ, আধুনিক বাস ও ট্রাক টার্মিনাল, ওয়ার্ড কার্যালয়, কমিউনিটি সেন্টার, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), নগরবনায়ন, হকার পুনর্বাসন, কাঁচাবাজার, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন, কবরস্থান, ক্লাব ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য সরকারি খাস সম্পত্তি বরাদ্দ অত্যন্ত জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, সরকারি খাস সম্পত্তি রাসিকের অনুকূলে বরাদ্দ ও হস্তান্তর করা হলে মহানগরীর নাগরিক সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজতর হবে।
এ প্রেক্ষিতে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]