খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম শরিফ
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

দেব দুলাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির খান বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সবাইকে আন্তরিক হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, একটি শিক্ষিত ও উন্নত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, তাদের সততা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চাও করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি হযরত আলী মিলন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন এবং কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার, অভিভাবক প্রতিনিধি ও সাংবাদিক ইউনুস আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

পাশাপাশি অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে আলোচনা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে।

তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম ও ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ।

১৪ অক্টোবর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করা তিন ব্যক্তি হলেন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

এ সময় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে নায়লা শারাফ প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন নায়লা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজ উদ্যোগে তৈরি করছেন বিভিন্ন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিজের শিক্ষকতা ও শিশুদের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন নায়লা।

জন্ম থেকেই দুই হাত নেই নরসিংদীর মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি করার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

আলতাফের জীবনসংগ্রাম ও বিদ্যালয় পরিচালনার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুলের অনুপ্রেরণার উৎস পরিবেশ ও প্রকৃতি। মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলেন বাবুল। পরে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন। তার লাগানো অনেক গাছ এখন বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছে।

সাক্ষাৎকালে তিনজনের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকার ডাক নিউজ/এস