খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর

কার্ডভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে সরকারি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল। ২৭ অক্টোবর ২০২৬ তারিখ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আনুষ্ঠানিকভাবে মাস্টারকার্ডের পক্ষে দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর নিকট লাইসেন্স হস্তান্তর করেন।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “মাস্টারকার্ডের লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এর মাধ্যমে গ্রাহকের কার্ডভিত্তিক লেনদেনের সুযোগ সম্প্রসারণসহ ক্যাশলেস পেমেন্ট সেবা সহজলভ্য করার কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়ক হবে।”

মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ার ডিভিশন প্রেসিডেন্ট ও ভারতের কান্ট্রি করপোরেট অফিসার গৌতম আগরওয়াল বলেন, “বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব দেশের আরো বেশি মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম, মোহাঃ খালেদুজ্জামান ও আবু সাঈদ মোঃ রওশানুল হক, মাস্টারকার্ডের শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সানদুন হাপুগোদা এবং আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

“নতুন পথে প্রত্যাবর্তন”স্লোগানে সিরাজগঞ্জে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার এসআরবি-১২ এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোঃআহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃআশিক সাঈদ, পিপিএম।

অনুষ্ঠানে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন,চরমপন্থার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। আত্মসমর্পণকারীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করা অত্যন্ত জরুরি। তিনি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এসময় এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।