যশোরে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত
যশোরে সরকারি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (সাধারণ শাখা) সালাউদ্দিন।
সভায় শুরুতে যশোর জেলায় কর্মরত বিভিন্ন এনজিওর কার্যক্রম ও সার্বিক তথ্য উপস্থাপন করেন জেলা এনজিও সমন্বয়কারী শেখ রাকিবুল ইসলাম নয়ন। পরে নেটিভ ইভানজেলিক্যাল সিস্টারস ট্রাস্টের (NEST) নির্বাহী পরিচালক ঈশান বিশ্বাস নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাঁদের মতামত, অভিজ্ঞতা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সময় সরকারি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে এনজিওগুলোর চলমান কার্যক্রমের সমন্বয়, সামঞ্জস্য নিশ্চিত করা এবং জেলা ও জাতীয় পর্যায়ে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি বাস্তবায়নে এনজিওগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা এনজিও সমন্বয় সেলের পক্ষ থেকে সহকারী কমিশনার সালাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করায় সোসাইটির নির্বাহী পরিচালক মোছাম্মৎ মনোয়ারা বেগমকে যশোর জেলার এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে যশোর জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]