সাত দফা না মানলে এক দফার ডাক: যশোরে ডা. শফিকুর রহমান
গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাত দফা দাবি দ্রুত মেনে নিন, অন্যথায় এক দফার ডাক দেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর যশোরের মুড়লীর মোড়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়ামুখী এ লংমার্চের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতিকে নিয়ে তামাশা করা হচ্ছে। গণভোটের গণরায় নিয়ে আপনারা বেইমানি করেছেন। এটা মেনে নেওয়া হবে না।’ সাত দফা দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এক দফার ওজন কেউ সহ্য করতে পারেনি, আপনারাও পারবেন না।’
সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, সরকারি কার্ড বিতরণে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। উপস্থিত লোকজনের কাছে কার্ড পাওয়ার বিষয়ে জানতে চেয়ে তিনি বলেন, ‘এই কার্ড কারও বাবার তহবিল থেকে দেওয়া হচ্ছে না।’ সরকারি সুবিধা জনগণের অধিকার উল্লেখ করে তিনি এর সুষ্ঠু ও ন্যায্য বণ্টনের দাবি জানান।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারী-পুরুষ নির্বিশেষে মানুষ রাজপথে নেমেছে। এ দাবি কোনো একক রাজনৈতিক দল বা ব্যক্তির নয়; এটি সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। তাই জনগণের রায় উপেক্ষা করার সুযোগ নেই।
বক্তব্যে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও জনগণের ওপর নিপীড়নের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা তুলে ধরেন ডা. শফিকুর রহমান। ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনরাবৃত্তি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের রাস্তায় যারা হাঁটবে, তাদের দেশ ছেড়ে পালাতে হবে।’
সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ওপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে কোনো শাসনব্যবস্থা টিকিয়ে রাখা যাবে না। দেশের মানুষ আর নিপীড়নমূলক শাসন মেনে নিতে প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]