খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের হাতে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

মোঃমামুন মোড়ল
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
পলাশে জাতীয় যুব দিবস উদযাপন, যুবকদের হাতে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি যুবসমাজ। দেশের বিপুল যুবশক্তিকে দক্ষতা, মেধা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কর্মপ্রচেষ্টায় কাজে লাগাতে পারলে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
তারা আরও বলেন, যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সহজ শর্তে ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সম্ভাবনাকে উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করতে হবে। পাশাপাশি যুবসমাজকে সুশৃঙ্খল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কার্যকর পরিকল্পনা এবং নির্ভুল ডাটাবেজ প্রণয়ন জরুরি। সুপরিকল্পিতভাবে যুবশক্তিকে কাজে লাগানো গেলে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব ঋণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পরে যোগ্য যুবকদের মধ্যে ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

“নতুন পথে প্রত্যাবর্তন”স্লোগানে সিরাজগঞ্জে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার এসআরবি-১২ এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোঃআহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃআশিক সাঈদ, পিপিএম।

অনুষ্ঠানে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন,চরমপন্থার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। আত্মসমর্পণকারীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করা অত্যন্ত জরুরি। তিনি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এসময় এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।