অবৈধ তামাক পণ্য জব্দে অভিযানে নামছে এনবিআর
তামাকজাতীয় পণ্য সিগারেটে রাজস্ব ফাঁকি ঠেকানোই যাচ্ছে না। সম্প্রতি তিন স্তরের সিগারেটের ওপরে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। ফলে রাজস্ব ফাঁকি দিয়ে বাজারে প্রবেশ করছে দেশি-বিদেশি সিগারেট। তামাকজাত পণ্য বিক্রয়ে বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিচ্ছে উৎপাদনকারী কোম্পানিগুলো। অবৈধ তামাকজাতীয় পণ্যের (সিগারেট, গুল, জর্দা ও সমজাতীয় পণ্য) বিরুদ্ধে অভিযান শুরু করার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির দ্বিতীয় সচিব প্রণয় চাকমার সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
যোগাযোগ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেশের শহর/গ্রাম/প্রত্যন্ত অঞ্চলের স্থানীয় বাজারে বিভিন্ন ব্র্যান্ডের দেশি ও বিদেশি অবৈধ তামাকজাতীয় পণ্য ব্যাপাকহারে বাজারজাতের সংবাদ প্রকাশিত হচ্ছে।
এতে জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এতে বলা হয়, নিয়মিত অভিযান পরিচালনার জন্য সার্কেল সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তাকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে। যেখানে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট থানার পুলিশ প্রতিনিধি, সংশ্লিষ্ট সেক্টর/ব্যাটালিয়নের বিজিবি প্রতিনিধি, সংশ্লিষ্ট জেলা/ব্যাটালিয়নের আনসার ও ভিডিপি প্রতিনিধিকে কমিটির সদস্য করা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সহকারী রাজস্ব কর্মকর্তাকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন