গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি কিশোরগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ: নিহত, আহত ৪
কিশোরগঞ্জের হাওরঞ্চলে ঘুরতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন।
এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অ্যাডভোকেট মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা এবং গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দুর্ঘটনায় আহত অন্যান্য আইনজীবীরা হলেন— গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন এবং অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও এক আইনজীবী।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে গাজীপুর থেকে ৯ জন আইনজীবী একসংগে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে যান। বিকেলে মিঠামইন থেকে অটোরিকশাযোগে অষ্টগ্রামের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশায় থাকা আইনজীবীরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মিজানুর রহমান মারা যান।
আহতদের মধ্যে অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল ও অ্যাডভোকেট ইকবাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।



আপনার মতামত লিখুন