ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান শুরু নগরবাসীর সহযোগিতা চাইলেন প্রশাসক রিটন
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা, লার্ভিসাইড ও ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা এবং টিএন্ডটি কলোনী এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃমাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনকালে রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী মহানগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়ি,আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় সাংবাদিকদের রাসিক প্রশাসক বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেছেন। তারই অংশ হিসেবে রাসিকের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ,পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ঝোপঝাড় পরিষ্কার, ড্রেনে লার্ভিসাইড স্প্রে এবং ফগার স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে পরিচালিত হবে।
তিনি আরও বলেন,ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের একার উদ্যোগ যথেষ্ট নয় নগরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। নগরবাসীর সহযোগিতায় আমরা ডেঙ্গু মোকাবিলা করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
রাজশাহীকে আরও সুন্দর, সবুজ, নিরাপদ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক বলেন,প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নগরীতে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি এর চেয়ে বেশি বৃক্ষরোপণ করতে সক্ষম হবো। আমি নগরবাসীর প্রত্যেককে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানাচ্ছি।”
পরে নগরীর রেলগেট এলাকায় ডেঙ্গু বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃএফএএম আঞ্জুমান আরা বেগম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন,রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদ, ২৬ নং (পশ্চিম) ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃবাবু, ২৬ নং (পূর্ব) ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃজামিল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদ আলী, মহানগর বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান শরিফসহ থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



আপনার মতামত লিখুন