চট্টগ্রামে অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখিতে নিহত-৪
চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মাইক্রোবাসেরর যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে এই দূর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নিয়াজ মোর্শেদ (২২) ও তার ছোট বোন মিমতাহ (১৭), মামা মো. ফেরদৌস আলম (৫৫) ও মাইক্রোবাসের চালক মো. মুন্না। নিহত ফেরদৌস আলম ফিরোজ ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের নুরজাহান মেডিকোর স্বত্বাধিকারী। তার বাড়ি পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ওই মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসছিল। ভোররাতে কর্ণফুলীর কলেজ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে।



আপনার মতামত লিখুন