খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নড়াইলে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রচার ও ব্যবসা নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
নড়াইলে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রচার ও ব্যবসা নিবন্ধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 নড়াইলে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রচার এবং স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (এসবিআর) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালাম। তিনি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, বিনিয়োগ সম্ভাবনা এবং সঠিক নীতিনির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন।

জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক উর্ব্বশী গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল।

কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরে আলম, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত।

বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারি দেশের ব্যবসা, শিল্প ও সেবাখাতের প্রকৃত চিত্র তুলে ধরে। এ ধরনের তথ্য সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতির সক্ষমতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কর্মশালায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল উপস্থাপনের পাশাপাশি স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (এসবিআর) কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা এ বিষয়ে মতামত প্রদান করেন এবং তথ্যভিত্তিক প্রশাসনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।