খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : চসিক মেয়র

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি : চসিক মেয়র

দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে আমাদের প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নাগরিকদের চলাচলের দুর্ভোগ কমিয়ে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই সিটি করপোরেশনের লক্ষ্য। বৃহস্পতিবার ( ২৫ জুন) নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজ সড়ক এবং রাজাখালী সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এসব এলাকার মানুষকে নানাবিধ ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ জনগণের চলাচল ছিল কষ্টসাধ্য। জনগণের সেই দুর্ভোগ লাঘব এবং এলাকার সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনা করেই এসব সড়কের উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। একটি উন্নত নগরীর পূর্বশর্ত হলো কার্যকর যোগাযোগ ব্যবস্থা। সড়ক উন্নয়নের মাধ্যমে শুধু যাতায়াত সহজ হয় না, বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রসার ঘটে।

মেয়র আরও বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পনার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস